পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি জেলার পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, বান্দরবন পার্বত্য জেলা পরিষদ এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মধ্যে তিনটি পৃথক চুক্তি সই হয়েছে।
এই চুক্তির মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তিন জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ই-লার্নিং সিস্টেম চালু করা হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর ফলে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট এবং ভার্চ্যুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষায় যুক্ত হতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের এক নতুন অধ্যায় সূচিত হলো।
সর্বশেষ ২৭ নভেম্বর বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগে পৃথক আরেকটি অনুষ্ঠানে ১২ নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমাদুর রহমান এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
১১ নভেম্বর খাগড়াছড়ি সার্কিট হাউজে অনুষ্ঠিত অনুরূপ চুক্তিতে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমাদুর রহমান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা সই করেন।
এই চুক্তিগুলোর ফলে বিভিন্ন স্কুলে বসছে স্টারলিংক সংযোগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীন, জেলা পরিষদ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এই চুক্তির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলল।


