ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী মেহেনাজ হুমায়রা কুহেলীসহ ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (বিজেএস) উত্তীর্ণ হয়েও গেজেটভুক্ত না হওয়া ১৩ প্রার্থীর পুনরায় গেজেটভুক্তি ও স্বচ্ছ প্রাক-নিয়োগ যাচাই প্রক্রিয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানান, শুক্রবার প্রকাশিত ১৭তম বিজেএসের গেজেটে মোট ১০২ জন উত্তীর্ণের মধ্যে ৮৮ জনকে গেজেটভুক্ত করা হলেও ১৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে।
কেন তাদের গেজেটভুক্ত করা হলো না–এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আইনের শিক্ষার্থী হয়ে বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যদি গেজেট থেকে বাদ পড়তে হয়, সেটি বড় ধরনের বঞ্চনা। আমরা এ বৈষম্যের তীব্র নিন্দা জানাই।’
আইন বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘কুহেলীসহ ১৩ জন উত্তীর্ণ হয়েও গেজেটে নাম পাননি। তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ নেই। এমনকি তাদের মধ্যে একজন জুলাই আন্দোলনে অংশ নেওয়া সক্রিয় কর্মী। কী কারণে বাদ দেওয়া হলো, তা পরিষ্কার নয়। আমরা এটি মেনে নিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘বিসিএস, বিজেএস ও ব্যাংকসহ সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রাক-নিয়োগ যাচাই প্রক্রিয়ায় প্রার্থীদের পরিবারের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নেওয়ার দাবি জানাই। একই সঙ্গে বাদ পড়া ১৩ জনের পুনরায় গেজেটভুক্তি অবিলম্বে নিশ্চিত করতে হবে।’


