ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক রোগীর মৃত্যুতে দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে।
বুধবার মধ্যরাতে হাসপাতালটির নতুন ভবনের সপ্তম তলার ৭০২ নম্বর মেডিসিন বিভাগের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাশি বেগম (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়। মৃত্যুর পরপরই রোগীর স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন।
নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, এ সময় পুরান ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকা থেকে আসা ২০ থেকে ৩০ জন বহিরাগত লোক ওয়ার্ডে ঢুকে এক চিকিৎসককে মারধর করেন। চিকিৎসককে রক্ষা করতে গিয়ে হাসপাতালের দুইজন কর্মীও হামলার শিকার হন।
পরবর্তীতে মেডিকেল শিক্ষার্থীরা ওয়ার্ডে গিয়ে চিকিৎসকদের পাশে দাঁড়ান। সেনাবাহিনী, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে যান। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ করে হাসপাতালের জরুরি বিভাগের গেট সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেন চিকিৎসকরা। তবে রাতেই গেট খুলে দেওয়া হয়।
শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, চিকিৎসককে মারধরের ঘটনায় চার থেকে পাঁচজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


