সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে আবারও পাঁচ শিশুসহ ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের হস্তান্তর করে।
এরপর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ওই রাতেই সাধারণ ডায়েরি করে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেন। এর আগে, মঙ্গলবার ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ ওই ১০ বাংলাদেশিকে আটক করে।
আটক হওয়া দশ জন হলেন, সাতক্ষীরার কালিগঞ্জের সোনাতলা পূর্বপাড়ার নেয়ামত আলী (৫১), তার স্ত্রী পাপীয়া বেগম (৪৬), তালা উপজেলার পাটকেলঘাটার হাবিব মোল্লা (৯), লাবিবা মোল্লা (৪), শীলা আক্তার সরবানু (২৪), খুলনার হাড়িখালী গ্রামের আব্দুল মোছা (৩৬), তার স্ত্রী আফরোজ মোল্লা (৩৫), কন্যা রুকাইয়া খাতুন (৫), গাইবান্ধার পৌয়াখালীর মোসলেমা খাতুন (২১) ও আনাবিয়া (১)।
বিজিবি জানায়, মঙ্গলবার ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় তাদের আটক করে পরদিন সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ফেরত দেওয়া বাংলাদেশি নাগরিকদের নাম পরিচয় যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার তাদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে ১৫, ১৮ ও ২১ সেপ্টেম্বর একই সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠায় বিএসএফ।


