পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন একাধিক তারকা প্রার্থী। ফল ঘোষণার পর দেখা গেল, কারও জন্য এটি বড় সাফল্যের গল্প, আবার কারও জন্য হতাশার।
সবচেয়ে বড় চমক দেন রুদ্রনীল ঘোষ। হাওড়ার শিবপুর আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে তিনি প্রায় ১৬ হাজার ভোটে জিতে শক্ত অবস্থান জানান দেন।
একইভাবে জয় পেয়েছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে তিনি ২২ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে এগিয়ে যান।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সোহম চক্রবর্তী নদীয়ার করিমপুর আসনে শেষ পর্যন্ত হেরে যান। শুরুতে এগিয়ে থাকলেও ফল ঘোষণার সময় প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েন।
বরানগর আসনে বড় ধাক্কা খেয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে জয় পাওয়া এই অভিনেত্রী এবার উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত হন।
সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ব্যারাকপুরে। তৃণমূলের প্রার্থী ও নির্মাতা রাজ চক্রবর্তী এখানে বিজেপির প্রার্থী কৌস্তুভ বাগচী-র কাছে হেরে যান, যা তার রাজনৈতিক জীবনে দ্বিতীয় পরাজয়।
ভোট গণনার দিন এই কেন্দ্রেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গণনাকেন্দ্রের বাইরে বিক্ষোভকারীরা রাজ চক্রবর্তীর দিকে কাদা ছোড়ে এবং ‘চোর’ স্লোগান দেয়। তিনি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে দেখা যায়, তার গায়ে লেগে থাকা কাদা পরিষ্কার করছেন নিরাপত্তাকর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি নীরব থাকেন।
ঘটনাটি রাজনৈতিক মহলের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি রাজ। এদিকে তার স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সামাজিক মাধ্যমে তাকে ‘সুপারহিরো’ ও পরিবারের ‘গর্ব’ বলে উল্লেখ করে পাশে থাকার বার্তা দেন।
সব মিলিয়ে, এবারের নির্বাচন তারকা প্রার্থীদের জন্য ছিল একেবারেই মিশ্র—কেউ শক্ত অবস্থান গড়েছেন, আবার কেউ মুখোমুখি হয়েছেন কঠিন বাস্তবতার।


