ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। ঠিক এরপরই খবর ছড়ায় ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শবনম বুবলীও যাচ্ছেন মার্কিন মুলুকে। তবে সংবাদটি গোপন রেখেছিলেন দুজনই।
রোববার একসঙ্গে দেখা গেল তাদের দুজনকে। শুধু তাই নয়, রোমান্টিক মুডে ধরাও দিলেন আলোচিত এ জুটি। নিউইয়র্ক থেকে বুবলী নিজেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।
ছবি দেখেই বোঝা যাচ্ছে ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী। একটি ছবিতে দেখা যায়, বুবলীর হাত ধরে সবুজ ঘাসের ওপর হাঁটছেন শাকিব খান।

অন্য একটি ছবিতে বুবলীকে জড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার। আরেকটিতে দেখা যায়, বুবলীকে জড়িয়ে দূরে কিছু একটা দেখিয়ে দিচ্ছেন শাকিব। এ ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেন তাদের প্রশংসা করছেন। অনেকেই আবার প্রশ্ন তুলছেন, ‘এবার কী করবেন অপু বিশ্বাস?’
দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা।

পরে দেশ ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রামের মনে থাকুক সুন্দর স্মৃতি। সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেব।’
দুই বছর পর সেই প্রতিশ্রুতিই যেন রাখলেন তিনি। ছোট ছেলে বীরকে নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্র, সময় কাটাচ্ছেন তার সঙ্গে।
চলতি মাসেই দেশে ফেরার কথা রয়েছে এই তারকা অভিনেতার।


