ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
অতি ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম বিভাগে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

বুধবার সকালে প্রকাশিত ‘ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায়’ আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। একইসঙ্গে ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতারও আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উপকূলীয় ও পাহাড়ি এলাকার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আবহাওয়া পূর্বাভাস:
এদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad