মুক্তি পেল কোক স্টুডিও বাংলা সিজন ৩-এর পঞ্চম গান ‘লং ডিসট্যান্স লাভ’। রোমান্টিক ডুয়েটটিতে ডিজিটাল যুগে দূরত্বের অনুভূতিকে ফুটিয়ে তুলেছে। গানটি পরিবেশন করেছেন উদীয়মান তারকা অংকন কুমার এবং শেখ মুমতাহিনা মেহজাবিন আফরিন, যিনি ‘মডার্নওটাকু’ নামেও পরিচিত। সুর দিয়েছেন শুভেন্দু দাস শুভ। অংকন ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গায়িকা-গীতিকার প্রাগাতা নাওহা মিলে লিখেছেন গানের কথা।
গানটির ভিজ্যুয়ালে প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলার গানে দেখা গেলো সাদা-কালো পরিবেশনা। রঙ সরিয়ে রেখে আবেগ, অনুভূতি ও আলোকছায়াকে সামনে আনা হয়েছে। অন্ধকার আর আলো মিলিয়ে তৈরি করা হয়েছে ভালোবাসা ও দূরত্বের দ্বৈত অনুভূতি, যা ভিডিওটিকে দিয়েছে চিরন্তন সিনেমাটিক আবহ।
ভিডিওচিত্র নির্মাণ করেছে রানআউট প্রোডাকশনস এবং পরিচালনা করেছেন আদনান আল রাজীব। ভিডিওটি শুট করা হয়েছে এক পরিত্যক্ত গ্যালারিতে, যেখানে সমসাময়িক নৃত্যশিল্পীরা দূরত্বের যন্ত্রণা আর ভালোবাসার দৃঢ়তাকে নৃত্যে প্রকাশ করেছেন।
শিল্পী অঙ্কন কুমার বলেন, ‘লং ডিসট্যান্স লাভ’ শুধু একটি ডুয়েট নয়, বরং এখানে কণ্ঠ আর আবেগের মিলন ঘটেছে। কোক স্টুডিও বাংলায় পরিবেশন করা এবং এত প্রতিভাবান সঙ্গীতশিল্পীর সাথে কাজ করা সত্যিই আমার জন্য অনুপ্রেরণার। আমি বিশ্বাস করি, এই গানটি তাদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হবে যারা দূরে থাকা সত্ত্বেও ভালোবাসাকে আঁকড়ে ধরে রেখেছেন।’
মুমতাহিনা মেহজাবিন আফরিন বলেন, “লং ডিসট্যান্স লাভ’ গানটি গাওয়া যেন সেই অনুভূতিগুলোকে সরাসরি জীবনে অনুভব করার মতো ছিল। এটি এমন ভালোবাসার গল্প, যা দূরত্ব যতই ঝুঁকির মুখে ফেলে দিক, তা কখনো ভেঙে যায় না। আমি আশা করি শ্রোতারা সেই শক্তি ও কোমলতা অনুভব করতে পারবেন, যা আমরা গানে তুলে ধরার চেষ্টা করেছি।”
সুরকার শুভেন্দু দাস শুভ বলেন, “আমার জন্য এই গানটি ছিল নীরবতাকে সুরে প্রকাশ করার চেষ্টা। দূরত্বের ভালোবাসায় অনেক কথা বলা হয় না, আর আমি চেয়েছিলাম গান সেই অনুভূতি দেখাক, তবে আশার জায়গাও রাখুক। গল্পটি শুধু সুরে নয়, থেমে থাকা সময়েও বলা হচ্ছে।”


