মুন্সীগঞ্জ-৩ আসনের চরাঞ্চল শিলই ইউনিয়নে বিএনপি ও দলটির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার শিলই ইউনিয়ের পূর্ব রাখিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। এদের মধ্যে ইকবাল খান (৩৭), আব্দুর জব্বার বেপারী (৫৩), মাহাবুবর হাসান সোহাগ (৪২), জুয়েল রানা (৩৫) ও জয় বেপারিকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুর জব্বার বেপারী বলেন, ‘শিলই এলাকা থেকে ধানের শীষ পক্ষের প্রায় শতাধিক লোকজন লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গ্রামের ফুটবল প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালান।’
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। অন্যদিকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


