বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দুই-তিন দিন পরপর দুই থেকে চার ঘণ্টার লোডশেডিংয়ের জন্য দায়ী বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সরকারকে কিছু সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি করা এলএনজির ওপর নির্ভরশীল। অতীতে এলএনজি রূপান্তর ও সংরক্ষণের প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় সংকট কাটাতে সময় লাগছে।
তিনি বলেন, বাসাবাড়ি, শিল্প-কারখানা ও নতুন বিনিয়োগে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই সময়কে একটি ‘ট্রানজিশন টাইম’ হিসেবে মেনে নিতে হবে। কারণ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সময় লাগবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ছাত্র-জনতা, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আন্দোলনটি সামাজিক শক্তিতে রূপ নেয়। প্রায় ৫০ থেকে ৫৫ বছরের ব্যবধানে একটি জাতি দুইবার গণতান্ত্রিক পরিবর্তনের জন্য জেগে উঠেছে, যা বিশ্বে বিরল।
তিনি বলেন, ‘অস্থিমজ্জায় জবাবদিহি ও মানুষের প্রতি দায়বদ্ধতা ধারণ করলে দেশকে পরিবর্তন করা কঠিন কিছু নয়। আগামী দিনের বাংলাদেশ গড়তে সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাবে।’
মন্ত্রী জানান, আগামী বছরের মধ্যে সিলেট-ঢাকা ছয় লেন সড়ক, সিলেট-চট্টগ্রাম সড়ক এবং আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


