চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে নাছির উদ্দিন প্রধান (৬৫) ওরফে আলমাছ প্রধানিয়া নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কাশিমপুর পুরণ গ্রামের প্রধানীয়া বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানিয়েছে নিহত নাছির উদ্দিন প্রধান উপজেলার নারায়াণপুর ইউনিয়নের পূরণ গ্রামের ওসমান আলী প্রধানিয়ার ছেলে। তিনি শিক্ষিত হলেও বাড়িতে কৃষিকাজ করতেন। গত ১৯ জুন ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় ২০ জুন রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
নিহতের ভাতিজা মামুন প্রধানিয়া জানান, নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ২০ জুন রাতে থানায় জিডি করা হয়েছিল। সোমবার বিকালে বিল্লাল হোসেন প্রধানিয়ার ছেলে বাড়ির পাশে পুকুরপাড়ে গরুর ঘাস কাটতে গিয়ে কচুরিপানার ভেতরে তার লুঙ্গি দেখতে পায়। পরে খোঁজ করে সেখানে তার গলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
কাশিমপুর পূরণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র বলেন, নিহত নাছির উদ্দিন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার সদস্য ছিলেন। মঙ্গলবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধী।


