অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (আইপিই) ২০২৫-এর প্রথম পর্যায়ের যৌথ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার শুরু হয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে এ যৌথ কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
এ কর্মসূচির অধীনে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে জলবায়ু নিরাপত্তা এবং জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক একটি সেমিনার ঢাকা কুর্মিটোলাস্থ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে সোমবার শুরু হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. তারিকুল ইসলাম।

এ সময় অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের ইন্দো-প্যাসিফিক এন্ডেভার চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন স্টিভেন হেনরির নেতৃত্বে ১০ সদস্যের একটি দল অংশগ্রহণ করেন। সেমিনারে সশস্ত্র বাহিনীর জ্যৈষ্ঠ কর্মকর্তা, শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
যৌথ কার্যক্রমের অংশ হিসেবে সেমিনারে জলবায়ু নিরাপত্তার চ্যালেঞ্জ, প্রতিরক্ষা খাতে জ্বালানি স্থিতিস্থাপকতার গুরুত্ব এবং সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েলের বৈশ্বিক প্রয়োগ বিষয়ক একাধিক থিমেটিক সেশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বিমান বাহিনী, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর বিশিষ্ট বক্তাবৃন্দ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
এই সেমিনারের মূল লক্ষ্য হলো জলবায়ু নিরাপত্তার সাম্প্রতিক চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা, জ্বালানি স্থিতিস্থাপকতার উদ্ভাবনী সমাধান অনুসন্ধান করা এবং সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েলের সম্ভাবনা তুলে ধরা, যা আঞ্চলিক সহযোগিতা এবং পরিবেশগত স্থায়িত্বকে আরও সুদৃঢ় করবে।


