সামনে দলের ভেতরে শুদ্ধি অভিযানের কথা জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম। তিনি বলেন, ‘সামনে কিন্তু দলের ভিতরে শুদ্ধি অভিযান আসছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এমন কোনো কাজ করবেন না, যাতে আমার ও দলের দুর্নাম হয়। আমি কিন্তু কাউকে ছাড় দেব না।’
সোমবার বেলা ১১টার দিকে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি-এর আওতায় চন্ডিবের জেলে পাড়ার নিম্ন আয় এলাকায় উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইদানিং ভৈরবে দলীয় প্রভাব দেখিয়ে অংশীদারদের কাছ থেকে অনেকে ঝামেলাযুক্ত জায়গা-জমি কিনেন। সেটা ঠিক নয়। আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের নেতাকর্মীদের সর্তক করে দেন। তা না হলে আপনারা দেখেছেন ঢাকার রাড্ডার ঘটনা। সেখানে কিন্তু কোনো অপরাধীকে প্রধানমন্ত্রী ছাড় দেননি। তাই নেতাকর্মীদের উদ্দেশে বলছি, আপনারা জায়গার ব্যবসা করেন সেটি ভালো। তবে কারো অংশীদারদের ভেজাল জায়গা কিনবেন না। এতে এলাকায় দুপক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়।’
তিনি আরও বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে বিরোধী দলসহ গুপ্ত ও পলাতক ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়ে উঠেছে। দেশের উন্নয়নের জন্য তারেক রহমানের নেতৃত্বে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে দেশের মানুষ স্বাভাবিকভাবে তাদের জীবন যাপন করতে পারবে। তাই গুপ্তরা দেশের এসব উন্নয়নমূলক কার্যক্রম বানচালের জন্যই এসব করছে।’ এসব অপশক্তির বিরুদ্ধে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সমাজের মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিকায়নের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন। সংসদে আইন সংশোধন করে মাদক ব্যবসায়ীদেরকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের জেল দেওয়া হবে। তা ছাড়া কেউ মাদক ব্যবসা করলে তার সঙ্গে মাদক আছে কি না তা ডোপ স্টেট ও ডগ স্কোয়াডের মাধ্যমে চিহ্নিত করা হবে।
এর আগে, ভৈরবে চন্ডিবের দক্ষিণপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের প্রত্যেকটিকে ৩৬ হাজার টাকার নগদ চেক, দুই বান্ডেল ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি হাজী মো.শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনসহ প্রমূখ।


