মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। তারা দুজন দুই ট্রাকের হেলপার। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম শওকত বেপারী (২৩)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার বাসিন্দা। আহত মো. ইমরান মণ্ডল (২৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোড়দহ এলাকার বাসিন্দা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, মেরামতের জন্য রাস্তার পাশে থামিয়ে রাখা একটি ট্রাককে পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দেয়। সংঘর্ষে পেছনের ট্রাকের হেলপার শওকত চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ইকুইপমেন্ট যন্ত্রের সাহায্যে তাকে উদ্ধার করেন। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় গুরুতর আহত হন সামনের ট্রাকের হেলপার মো. ইমরান মণ্ডলও। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুমুখী লেনে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।


