আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
বৃহস্পতিবার বিকাল ৪টার কিছু আগে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিডনি রোগে আক্রান্ত মাহমুদ আলী গত দুই সপ্তাহ ধরেই হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন। সবশেষ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
দিনাজপুর-৪ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবুল হাসান মাহমুদ আলী।
তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেন আবুল হাসান মাহমুদ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএ এবং এমএ ডিগ্রি নেওয়ার পর ১৯৬৪ সালে সেখানেই শিক্ষকতা শুরু করেন। ১৯৬৬ সালে যোগ দেন পাকিস্তান ফরেন সার্ভিসে।
এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানের নিউ ইয়র্ক মিশনের সেকেন্ড সেক্রেটারি পদ থেকে সরে দাঁড়ান এবং মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য দেখান। পরে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হন।
স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের হয়ে বিভিন্ন মিশনে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
২০০১ সালের এপ্রিলে সরকারি চাকরি থেকে অবসরের পর আওয়ামী লীগে যোগ দেন, বনে যান পুরোদস্তুর রাজনীতিক।


