জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে দীন ইসলাম বেপারী হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদন নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই (উপপরিদর্শক) মহিন উদ্দিন রিমান্ডের তথ্য দিয়েছেন।
এর আগে, গত সোমবার রাত আড়াইটার দিকে রিপনকে বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মারধর করে’ পুলিশে দেয়। এতে আহত হলে রিপনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
পরদিন মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই রাসেল সরদার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে একই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন রাখেন।
এদিন শুনানিকালে রিপনকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার দুদিনের রিমান্ডের আদেশ দেয়।
দীন ইসলাম বেপারী হত্যা মামলায় অভিযোগ করা হয়, জুলাই অভ্যুত্থানে সরকার পতনের দিন, অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে ছাত্রজনতা শাহবাগের উদ্দেশে মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।
তখন দীন ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এ ঘটনায় গত বছরের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।


