আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতার জন্য ভোটের অনিয়মের বিষয়টি ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কাছে জানাবেন ব্রাহ্মবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজার্ভারদের সঙ্গে আমার বৈঠক আছে। আমি তাদেরকেও বিষয়গুলো অবহিত করব।’
বৃহস্পতিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আচরণবিধি লঙ্ঘন নিয়ে লিখিত জবাব দিয়েছেন উল্লেখ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আজকে আমি ইসিতেও একটা জবাব নিয়ে এসেছি। আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি। কারণ, আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকার কথা, ততটা নিরপেক্ষ নয়।’
তিনি জানান, তার কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। তাদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে মাথা ফাটানো হয়েছে এবং কিছু বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এসব বিষয় নির্বাচন কমিশনকে অবহিত করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং বড় দলগুলোর বিরুদ্ধে লড়াই করছি। প্রশাসন যদি সম্পূর্ণ নিরপেক্ষ না থাকে, তাহলে ৫ আগস্টের মতো কিংবা ২০১৮ সালের নির্বাচনের মতো আরেকটি নির্বাচন হলে তার পরিণতি ভালো হবে না। এটি কারও জন্যই ভালো হবে না।’
রুমিন ফারহানা তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে আরেকটা কারচুপির নির্বাচন বা ম্যানিপুলেটেড ইলেকশন হতে দেওয়া যাবে না। জনগণ ১৫ বছর ধরে সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছে, সেই লড়াই রক্ষা করতে হবে।


