জুলাই জাতীয় সনদের আইনগত বাস্তবায়ন নিশ্চিত করে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাবের বিষয়ে জানাতে গিয়ে এই দাবি তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মহাসচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করে—দীর্ঘ আলোচনার মাধ্যমে অর্জিত জাতীয় ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে। কোনো পক্ষই নতুন প্রশ্ন উত্থাপন বা অযথা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে—জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য হয়েছে, সেগুলো আইনানুগভাবে বাস্তবায়নের পাশাপাশি যথাসময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য আন্তরিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
স্থায়ী কমিটির প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনার পর কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবং গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে—বিএনপি তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয় ধারণ করে এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।
প্রস্তাবে আরও বলা হয়, সর্বসম্মতভাবে গৃহীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন বা সংকট সৃষ্টির সব অপচেষ্টার বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। পাশাপাশি দলটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সীমাহীন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।


