আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় দিনের দলবদল চলছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্টেডিয়ামে।রোববার সিসিডিএম কার্যালয়ে দলবদলে অংশ নিয়েছেন বাংলাদেশের সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। লেজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগের দিন অনুশীলন শেষে এই দলবদল সম্পন্ন করেছেন তারা।
যদিও আগামী ৪ মে থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের এবারের আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল রূপগঞ্জের। তবে বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের ফোন পেয়ে দল গঠনে ইতিবাচক হন ক্লাবটির মালিক লুৎফর রহমান বাদল।
ডিপিএলের গত আসরে মোহামেডানের নেতৃত্বে ছিলেন মিরাজ। শুরুতে দল না পেলেও শেষদিকে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন লিটন। এবার দুজনই একসঙ্গে প্রথমবারের মতো খেলবেন রূপগঞ্জের হয়ে।
মিরাজ-লিটন ছাড়াও রূপগঞ্জে আছেন জাতীয় দলের আরো সাইফ হাসান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলামদের মতো ক্রিকেটার। এছাড়া হাবিবুর রহমান সোহান, আশিকুর রহমান শিবলি, সামিউন বশির, স্বাধীন ইসলামের মতো তরুণদেরও দলে টেনেছে রূপগঞ্জ।


