‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, বরের বাবা আটক

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, বরের বাবা আটক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে জবাই করে ছেলের বউভাতের আয়োজনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গরুর মাংস, চামড়া, মাথা ও পা।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম মাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার গরুর মালিক শহিদুল ইসলাম থানায় অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় শহিদুল ইসলাম তার প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের কালো রঙের ক্রস জাতের একটি গাভী গোয়ালঘরে রাখেন। রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখেন, বাড়ির মূল ফটকের তালা ভাঙা। গোয়ালঘরের দরজাও খোলা।

পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে গরুটির সন্ধানে বের হন শহিদুল। বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পান। ছাপ অনুসরণ করে পাশের বকশিচর গ্রামের একটি বাড়িতে গিয়ে গরুটি জবাই করে মাংস কাটার দৃশ্য দেখতে পান তিনি।

আরও পড়ুন

এ সময় শহিদুল ও তার ভাতিজা আনারুলের সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনারুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। আনারুল হাত দিয়ে ঠেকালে তার ডান হাতে কাটা জখম হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে আটক করে। এ সময় জবাই করা গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। আহত আনারুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়। শনিবার সোহানের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করেন বলে অভিযোগ রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad