ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ফুল মিয়া (৬০) ও উম্মে হানি (২২) গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফুল মিয়া চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। উম্মে হানি একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে অহিদ মিয়ার সঙ্গে গ্রামবাসীর বিরোধ চলছিল। সড়কটির নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়।
এরপর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে বিরোধ আরও বাড়ে। ট্রাক্টর ভাড়া ব্যবসায় একক আধিপত্য নষ্ট হওয়ার আশঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হন।
ট্রাক্টর ব্যবসাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে চরলাপাং গ্রামে হামলা চালান বলে স্থানীয়দের অভিযোগ।
এ সময় ফুল মিয়া ও উম্মে হানি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে গুলাগুলির খবর পেয়েছি। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


