চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলে প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মূল মেধা তালিকায় ৯ হাজার ৪৯৮ জন স্থান পেয়েছেন। এ ছাড়া, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ২৮ জন এবং রাখাইন সম্প্রদায়ের দুজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
স্থাপত্য বিভাগে মূল মেধা তালিকায় ৩০৩ জন এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় একজন স্থান পেয়েছেন।
মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইন চয়েস ফর্ম পূরণ করতে হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১১টি বিভাগের পছন্দক্রম দিতে হবে। তবে স্থাপত্য বিভাগের ভর্তিচ্ছুদের কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।
মেধা তালিকা থেকে প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মূল মেধাক্রমের প্রথম ১ হাজার ২৫০ জন, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী মেধাক্রমের প্রথম ১০ জন এবং রাখাইন সম্প্রদায়ের একজনকে প্রথম পর্যায়ে ভর্তির জন্য ডাকা হয়েছে।
অন্যদিকে, স্থাপত্য বিভাগের মূল মেধা তালিকার প্রথম ১০ জন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার একজনকে ভর্তির জন্য আহ্বান জানানো হয়েছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এদিন ভর্তিচ্ছুদের সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে সশরীরে নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সনদ যাচাই শেষে একই দিনে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।
পরদিন ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় পাওয়া বিভাগ অনুযায়ী ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক, চুয়েট শাখায় বিকাল ৩টার মধ্যে জমা দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। তবে কর্তৃপক্ষের অনুমতিক্রমে স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিনও ফি জমা দেওয়া যাবে।
প্রথম পর্যায়ের ভর্তি শেষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভাগ ও অবশিষ্ট শূন্য আসনের তথ্য এবং পরবর্তী দফায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১ মার্চ ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, ‘সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষার ফলও স্বল্প সময়ের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়েছে।’
গত ১৭ জানুয়ারি চুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসহ মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ ৯৩১টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ৯৯ জন শিক্ষার্থী।


