উৎসবমুখর ফাইনাল, হেলিকপ্টারে এলো বিপিএল ট্রফি

উৎসবমুখর ফাইনাল, হেলিকপ্টারে এলো বিপিএল ট্রফি
হেলিকপ্টারে চড়ে বিপিএলের নতুন ট্রফি নিয়ে মিরপুর স্টেডিয়ামে নেমেছেন আকবর আলী ও সালমা খাতুন। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

ঘড়িতে তখন বিকেল ৪টা ৪০ মিনিট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পশ্চিম আকাশ থেকে ভেসে এলো হেলিকপ্টারের রোটর ঘোরার জান্তব আওয়াজ। সাথেসাথেই গর্জে উঠেছে পুরো গ্যালারি। স্টেডিয়ামের ওপর দুই চক্কর কেটে বেশ সময় নিয়ে মাঠেই নামল হেলিকপ্টার। মাটি ছুঁতেই পাইলট বেরিয়ে এসে খুলে দিলেন দরজা। লাল কাপড়ে ঢাকা বিপিএলের ট্রফি হাতে নেমে এলেন বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

বাউন্ডারির চারপাশ থেকে উড়ল বর্ণিল ধোঁয়া। সেন্টার উইকেটের একপাশে বানানো রেড কার্পেট মঞ্চের ওপর রাখা পোডিয়ামে ট্রফিটা রেখে চলে গেলেন দুজন। এর আগে তাদের বরণ করে নেয় দুই সারিতে দাঁড়ানো কিশোর-কিশোরীরা। পুরোটা সময়ই বেজেছে বিপিএলের থিম সিং ‘আবার এলো বিপিএল’। এরপর ডায়মন্ড কোটিংয়ের এই ট্রফি উন্মোচন করতে সেখানে যান দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেখ মাহেদী।

ট্রফি উন্মোচন করেছেন নাজমুল হোসেন শান্ত ও শেখ মাহেদী। ছবি: বিসিবি

২৫ হাজার মার্কিন ডলার মূল্যের এই ট্রফি গত ১৭ জানুয়ারি উড়িয়ে আনা হয় দুবাই থেকে। যদিও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস বিভাগে পুরো এক দিন আটকে ছিল ট্যাক্স পরিশোধ করতে না পারায়। মূলত গত শনিবার ব্যাংকের সাপ্তাহিক ছুটির দিন থাকাতেই এই ঝক্কি পোহাতে হয় বিসিবিকে। সেসব পেরিয়ে বিপিএল অবশেষে পেল নতুন ট্রফি।

এরপর নেচে গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তানজিন তিশা। সিলেটে বিপিএলের উদ্বোধনী দিনেও দর্শকদের সামনে পারফর্ম করেছিলেন তিনি।

বিপিএলের নতুন ট্রফি। ছবি: বিসিবি

যে ম্যাচকে ঘিরে এত আয়োজন মিরপুরের হোম অফ ক্রিকেটে, সেই ফাইনালের টস হয়েছে ৫টা ৩০ মিনিটে। টসে জিতে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্সকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মাহেদী।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শেখ মাহেদী। ছবি: বিসিবি
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad