চট্টগ্রামে খণ্ডিত হাত-পা উদ্ধার, পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা

চট্টগ্রামে খণ্ডিত হাত-পা উদ্ধার, পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা
চট্টগ্রামের মানচিত্র | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে খণ্ডিত হাত ও পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের সঙ্গে যৌথভাবে নগরীর অক্সিজেন মোড় এলাকার শহীদ লাইন সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে প্রথমে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে নগরীর অন্য একটি স্থান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করে পুলিশ।

তদন্তের স্বার্থে উদ্ধার স্থানের সুনির্দিষ্ট অবস্থান এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না বলে জানান ওসি জাহিদুল কবীর। তিনি বলেন, ‘পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া হাত ও পা একই ব্যক্তির। আকৃতি ও গঠন দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন যুবক। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা হাত ও পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে।

ওসি জাহিদুল কবীর বলেন, ‘ঘটনাটি পরিকল্পিত বলে সন্দেহ হচ্ছে।’ তিনি জানান, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে।

আরও পড়ুন

তবে পুলিশ জানিয়েছে, হাতের আঙুলের ছাপ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, নিহত যুবক চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা হতে পারেন। বিষয়টি এখনো নিশ্চিত নয়, যাচাই-বাছাই চলছে।

হত্যার পর দেহের বাকি অংশ অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও তদন্দ করছে পুলিশ।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের সঙ্গে সুফিয়া নামের এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তিনি একজন প্রবাসী ছিলেন। দেশে ফিরে কিছুদিন ধরে ব্যবসায় জড়িত ছিলেন এবং ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন চলছিল।

সম্প্রতি পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ জানিয়েছে, সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad