কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।
কুমিল্লা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এবং সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।
কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে কিশোর গ্যাংবিরোধী আলাদা দুই অভিযানে ৬২৪ ও ২৫৪ জনকে আটক করা হয়েছিল। সবশেষ ৪১৫ জনসহ তিন দফায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৯৩ জনে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়-জঙ্গল ঘেরা একটি এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোর-গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘিরে কুমিল্লাসহ সারা দেশে কিশোর-গ্যাং ও কিশোর অপরাধ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়


