আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা, নাশকতা প্রতিরোধ এবং টিকিট কালোবাজারি ঠেকাতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর আব্দুল গণি রোডে রেল ভবনে এ বিষয়ে এক সভা হয়। পরে রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য চানানো হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, ঈদযাত্রায় আগের মতো ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল থাকবে। তবে আসনবিহীন টিকিটধারীরা যেন এসি কামরা বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণ করতে না পারে, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
টিকিটবিহীন যাত্রী শনাক্ত, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট ছাড়া কেউ প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের নিরাপদ স্থানে বসার ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্তও হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


