মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর সৌদি প্রবাসীর স্ত্রী ও স্কুলপড়ুয়া ছেলে ১২ লাখ টাকাসহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
গত বৃহস্পতিবার সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজরা হলেন সৌদি প্রবাসী আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম (৪০) এবং তাদের ছেলে ও শিবচর নন্দকুমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রিহাব হাওলাদার (১৩)। তারা শিবচরের আলেপুর গ্রামে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ জুন একটি এনজিও (কারসা) শিবচর শাখা থেকে মাকসুদা বেগমের নামে ১২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। সেই টাকা উত্তোলনের জন্য ২৫ জুন তিনি ছেলেকে সঙ্গে নিয়ে শিবচরের পূবালী ব্যাংকে যান। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান মিলছে না।
প্রবাসী স্বামী আব্দুল মালেক মুঠোফোনে বলেন, ‘স্ত্রীর সঙ্গে সর্বশেষ বুধবার রাতে ফোনে কথা হয়েছিল। ১২ লাখ টাকার চেক নিয়ে বৃহস্পতিবার পূবালী ব্যাংকে যাওয়ার কথা ছিল তার। আমি কাজ শেষে তাকে কল দিলে ফোন বন্ধ পাই। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও এখনো কোনো সন্ধান পাইনি।’
নিখোঁজ মাকসুদার দেবর আব্দুল বারেক হাওলাদার বলেন, ‘ভাবি অপ্রয়োজনে বাইরে যান না। আমাদের ধারণা, টাকা উত্তোলনের সময় কোনো অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে। এ কারণে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জিডির পরপর তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ দ্রুত রহস্য উদ্ঘাটন ও নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।


