ফুটবল বিশ্বকাপ এলে বদলে যায় বাঙালির আবেগের রঙ। প্রিয় দলের সমর্থনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের যুবক কাওসার আলী। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকে নিজের কাঁচামালের দোকানের নাম রেখেছেন ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’। শুধু তাই নয়, আর্জেন্টিনার জার্সি পরে দোকানে এলে মিলছে সবজি কেনায় বিশেষ ছাড়।
ঠাকুরগাঁও পৌর শহরের কাঁচাবাজারে চারদিকে আকাশী-সাদা পতাকায় সাজানো দোকানটি এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। বকশের হাট এলাকার বাসিন্দা কাওসার আলী প্রায় ৮ বছর ধরে এখানে ব্যবসা করছেন। ছোটবেলা থেকে তিনি আর্জেন্টিনার কট্টর সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকে তার এই ভিন্নধর্মী চেষ্টা।
তিনি জানান, বিশ্বকাপ চলাকালীন পুরো সময় জুড়ে এই অফার চালু থাকবে। সবজির ধরন ভেদে কেজিপ্রতি ৩ টাকা, ৪ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছেন তিনি। তবে এই সুযোগ পেতে হলে ক্রেতাকে অবশ্যই আর্জেন্টিনার জার্সি পরে আসতে হবে।
ব্যতিক্রমী এই অফারের কারণে প্রতিদিন দোকানটিতে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। সবজি কিনতে আসা মমিন নামের এক যুবক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ফুটবল নিয়ে কত পাগলামি তো দেখেছি, কিন্তু জার্সি পরে সবজি কিনলে ছাড়–এমন কাণ্ড বাপের জন্মে শুনিনি। বাজারও করলাম, মেসির প্রতি ভালোবাসাও দেখানো হলো, আবার পকেটের কিছু টাকাও বাঁচল।’
কাওসারের এই দোকান দেখতে ২০ কিলোমিটার দূর থেকে বন্ধুদের নিয়ে ছুটে এসেছেন সবুজ মিয়া নামের এক ফুটবল ভক্ত।
কাওসারের এই ফুটবলপ্রেম শুধু নিজ দলের সমর্থকদেরই নয়, টেনে আনছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ভক্তদেরও। মিরাজ নামের এক ব্রাজিল সমর্থক বলেন, ‘আমি ব্রাজিলের কট্টর সমর্থক। কিন্তু কাওসারের দোকানের এই সাজসজ্জা আর আইডিয়াটা দারুণ লেগেছে। খেলা নিয়ে এই সুস্থ বিনোদন সত্যি আনন্দের।’
তবে জার্সি না থাকায় ছাড় পাননি রঞ্জু চৌধুরী নামের এক নিয়মিত ক্রেতা। হেসে তিনি বলেন, ‘কৌতূহল থেকে গিয়েছিলাম। জার্সি ছিল না বলে ছাড় পাইনি, তবে সবজিগুলো বেশ টাটকা ছিল।’
মাঠের গণ্ডি পেরিয়ে ফুটবল বিশ্বকাপের এই উন্মাদনা এখন ঠাকুরগাঁওয়ের কাঁচাবাজারেও এক অন্যরকম আকর্ষণের নাম হয়ে উঠেছে।


