রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার সকাল পৌনে ১২টার দিকে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে মির্জা ফখরুলের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘যাচাই-বাছাই শেষে আমি আপনাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করছি।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টার দিকে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে ইসি। যাচাই-বাছাই শেষে ১১ দলীয় প্রতিনিধি দলের সদস্য ও ঢাকা-১৬ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আবদুল বাতেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘যাচাই-বাছাই শেষে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র সঠিক হিসেবে পাওয়া গেছে। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে তিনি অংশ নেবেন।’
আবদুল বাতেন বলেন, ‘নিয়ম হচ্ছে যাচাই-বাছাইয়ে প্রথমটি বৈধ ঘোষণা করা হলে দ্বিতীয়টি যাচাই-বাছাই করা হয় না। বৈধ হওয়া মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক ছিলেন এনসিপির আবদুল্লাহ আল আমিন।’
১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে আবদুল বাতেন বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে না। নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য মনোনয়ন জমা দিয়েছি।’
তিনি জানান, প্রায় ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকুক, সেটি তারা চান। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে বড় ধরনের অন্তরায়। আমরা চাই যেকোনো মূল্যে এ ধারাটি সংশোধন করতে হবে।’
এ সময় জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এলডিপির মহাসচিব বিল্লাল মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইসি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।


