চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মো. শওকত (৩২) মারা গেছেন।
সোমবার বিকেলে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গুরুতর দগ্ধ অবস্থায় শওকতকে আইসিইউতে রাখা হয়েছিল। বিকালে সেখানে তার মৃত্যু হয়। একই বিস্ফোরণে আহত আরও দুই এসি টেকনিশিয়ান- মো. তানভীর ও মো. মেশকাত- বর্তমানে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।’
দগ্ধ এই দুই শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট ইউনিটের চিকিৎসকরা।
এর আগে বেলা ১১টার দিকে গণপূর্ত বিভাগের ঠিকাদার নিয়োজিত তিনজন টেকনিশিয়ান হাসপাতালের সপ্তম তলায় কেন্দ্রীয় এসি নিয়ন্ত্রণকক্ষে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ কম্প্রেসর বিস্ফোরণে তারা দগ্ধ হন।
একই বিস্ফোরণে ঠিক নিচতলায় অবস্থিত প্রসূতি ওয়ার্ডের ছাদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো রোগী বা স্বজন আহত হননি।
দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানিয়েছিলেন, বিস্ফোরণের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


