উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সেই আস্থা ধরে রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথম কর্মসূচিতে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
পাকুন্দিয়ায় পৌঁছে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার নেতা-কর্মী করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, ইনশাআল্লাহ আপনারা আস্থা ধরে রাখুন। বিএনপি আপনাদের সঙ্গে ছিল, বাংলাদেশের জনগণের পাশে আছে, জনগণের সঙ্গে থাকবে। বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে। যতদিন বিএনপি টিকে থাকবে, ইনশাআল্লাহ দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।’
তিনি বলেন, কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। তাদের ব্যবসা-বাণিজ্য, চাকরি ও জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। লাভবান হয় বিশৃঙ্খলাকারীরা।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের সব শক্তি দিয়ে প্রতিরোধ করবে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ এখন শান্তি চায়, আইনের শাসন চায়, কর্মসংস্থান চায়। মানুষ তার সন্তানদের জন্য শিক্ষা ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবা চায়। এসব কাজ করতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা। এ জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি শুরু করা হয়েছে। জনগণ এসব পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে।
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা যে সমর্থন দিয়েছিলেন, সেই সমর্থনের ওপর আস্থা ধরে রাখুন।’
সমাবেশে সংসদ সদস্য ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যান। এরপর দুপুরে আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও জাতীয় মৎস্যপদক বিতরণ করবেন।
প্রধানমন্ত্রীর অন্য কর্মসূচির মধ্যে রয়েছে শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ।


