আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাত লাখ মেট্রিকটন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে সাড়ে ৫০ হাজার মেট্রিকটন ধান, ছয় লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু করা হবে। যা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছর প্রতি কেজি আমন ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা আর সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা কেজি দরে। ধান ও চালের এ দাম গত বছরের তুলনায় কেজি প্রতি ৪ টাকা বেশি।
সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আমন মৌসুমের ধানের উৎপাদন খরচ বোরোর থেকে কম। কারণ এ সময় বৃষ্টি থাকে। ফলে সেচের খরচ কম হয়। কখনো কখনো সেচ খরচ লাগেই না। তারপরও কৃষকদের বিষয়টি বিবেচনা করে গত বছরের তুলনায় এবার আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে। আশা করছি, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমন মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’
সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সদস্যরা।


