রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন করেছে জেলার ছাত্র-জনতার একাংশ। ওই মানববন্ধনেই হাসপাতালের চিকিৎসক তোফায়েল ভুইয়ার বিরুদ্ধে ভুল চিকিসার অভিযোগ আনেন তারা।
রোববার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। এসময় তাদের সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, মাহমুব হাসান তন্ময়, আসিফ মাহমুদ, রাইয়ানসহ আরও অনেকে।
তাদের দাবি, তোফায়েল হোসেন ভূইয়া ব্রেইন টিউমারের পরিবর্তে স্ট্রোকের ভুল চিকিৎসা করেছেন। রোগীর স্বজনের এমন অভিযোগের তদন্তের আহ্বান জানিয়ে অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান মানবন্ধনকারীরা।
তারা আরও অভিযোগ করেন, রংপুর মেডিকেলসহ জেলার বেসরকারি হাসাপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসার অব্যস্থাপনা সীমা ছাড়িয়ে গিয়েছে। তবুও কর্তৃপক্ষের কোনো বিকার নেই। এতে স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে ও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর হার বেড়েছে।
চিকিৎসাখাত সংস্কারসহ উল্লেখিত অভিযোগ সমাধানে প্রশাসন কোনো উদ্যোগ না নিলে ছাত্র-জনতা আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি জানান তারা।


