তিন দিনের ম্যাচের সিরিজ ড্র হলেও বড় জয়ে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। রবিবার টপ অর্ডার ব্যাটার আদৃত ঘোষের অপরাজিত সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৭১ রানের সংগ্রহ নিয়ে লংকানদের ১৯৩ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পুরো ৫০ ওভার ব্যাট করেও তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৮ রানে ম্যাচ হেরেছে শ্রীলংকা।
রান তাড়ায় নেমে আকাশ ও মাহিনুজ্জামান জোড়া আঘাতে ফেরান দুই লংকান ওপেনারকে। তৃতীয় উইকেটের পতন হয় ফাইয়াজ আরিবের বলে চানুল কোদিথিওয়াকু ফেরায়। এরপর অধিনায়ক রাকিবুল হাসানের সাথে জারিফ সিয়ামের শিকার হন মিডল অর্ডারের দুই ব্যাটার। মূলত ৭৫ রানে ৫ উইকেট হারিয়েই ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলংকা।
সেখান থেকে ১১৬ বলে ৭৮ রানের ইনিংসে লড়াই কিছুটা জমিয়ে তোলেন জেসন ফার্নান্দো। যদিও তার ইনিংস গড়ে ওঠে সিংগেল ডাবলসে ভর করে। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই ব্যাটার দুই ছক্কার সাথে মেরেছেন একটি চার। শেষদিকে সানুল ভিরারত্নের ব্যাট থেকে এসেছে ৬৫ বলে ৩৪ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার জারিফ সিয়ামের উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৩২ রানে আরেক ওপেনার মোহাম্মদ নাইম ফিরলেও হাল ধরেন আদৃত ঘোষ। তৃতীয় উইকেটে আকাশ রায়ের সাথে গড়েন ৯০ রানের জুটি। আদৃত উইকেটে ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। ১৩৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০৩ রান করেন এই ডানহাতি ব্যাটার। শেষদিকে তিন ছক্কায় ২০ বলে ৩২ রান করা সৌরভ কুমারের ক্যামিওতে ২৭০ পেরিয়ে যায় বাংলাদেশের ইনিংস।


