ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণের সিদ্ধান্ত

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণের সিদ্ধান্ত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই নতুন ভাস্কর্য স্থাপন ও পুরোনোটি অপসারণ করা হবে। প্রকৃত ও পূর্ণাঙ্গ ভাস্কর্য নির্মাণে যথাযথ জায়গা নির্ধারণ ও নকশা প্রণয়নে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, সাংবাদিক ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বীরশ্রেষ্ঠের ভাতিজা হাফিজুর রহমান বলেন, ২০১৯ সালে মহাসড়ক দ্বীপে ভাস্কর্য নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও তা পূর্ণাঙ্গ রূপ পায়নি। সম্প্রতি কারা এটি ভেঙে ফেলছে, প্রশাসন তা জানাতে পারেনি। পরিবার চায় একই স্থানে পূর্ণাঙ্গ ভাস্কর্য পুনর্নির্মাণ করা হোক।

সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. হাফিজুর রহমান ও ৬ লেন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মো. নিলন আলী জানান, বিশ্বব্যাংকের উইকেয়ার প্রজেক্ট ও ৬ লেন প্রকল্পের ইন্টারসেকশন কাজের কারণে আগের স্থানে ভাস্কর্য রাখা সম্ভব নয়।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, অতীতে লুটপাটের কারণে ভাস্কর্যটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। মাদক সেবনের অভয়ারণ্যে পরিণত হওয়া ওই স্থান বাদ দিয়ে শহরের উপযুক্ত স্থানে পূর্ণাঙ্গ ভাস্কর্য পুনঃস্থাপন করা হবে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মো. কামালউদ্দিন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অপসারণ কাজ স্থগিত করার প্রসঙ্গ তুলে অবিলম্বে উপযুক্ত স্থানে পূর্ণাঙ্গ ভাস্কর্য স্থাপনের দাবি জানান।

জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, আগামী বিজয় দিবসে নতুন ভাস্কর্য উদ্বোধন করা হবে। ১৪ সদস্যের কমিটি দ্রুত উপযুক্ত জায়গা যাচাই-বাছাই করবে এবং তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর