গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্ন ‘অবান্তর’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিএনপি ও জামায়াতের সঙ্গে দূরত্বের বিষয়টিও ‘ঠিক নয়’ বলে নিশ্চিত করেন তিনি।
বরিশাল বিভাগে তিন দিনের সংগঠনিক সফরের প্রথম দিনে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় একথা বলেন হাসনাত আবদুল্লাহ।
গণআন্দোলনে নেতৃত্বদানকারীদের গড়া দলের এই নেতা বলেন, ‘আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগবিহীন। তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর।’
হাসনাত বলেন, ‘সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে হৃদ্যতা হবে আর যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে দূরত্ব।’
বিএনপি জামায়াতের সঙ্গে কোনও দূরত্ব হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জবাব দেন ‘না’।
সভায় এনসিপিকে আরও শক্তিশালী করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। তাছাড়া দ্রুত দলের জেলা কমিটি ঘোষণা করার কথাও উঠে এসেছে সভায়।


