দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট মৃতের মধ্যে ২১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ১৩৮ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা, নতুন করে কোনো নিশ্চিত হাম রোগীর মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে আরও ১০ জন প্রাণ হারিয়েছেন।
এ সময় নতুন করে ১৮৯ জন হামে আক্রান্ত হওয়ার বিষয়টি ল্যাবে নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪৮ জন হামে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ১৩৩ জনে।
আক্রান্তের দিক থেকে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এখানে মোট সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৬৭ জন এবং নিশ্চিত আক্রান্ত ৯৯১ জন।
রাজশাহী বিভাগে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৫৬ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৫৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্ক থাকার এবং শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


