আগামী মাসেই উদযাপিত হবে ঈদুল আজহা। উৎসবটিকে ঘিরে ছবি মুক্তির তোড়জোড় এখনই শুরু হয়েছে। মুক্তি দৌড়ে এখন পর্যন্ত ১০টি ছবির নাম শোনা যাচ্ছে। এগুলো হচ্ছে ‘রকস্টার’, ‘মালিক’, ‘মাসুদ রানা’, ‘বিদায়’, ‘পিনিক’, ‘হাঙর’, ‘দুর্বার’, ‘অফিসার’, ‘তছনছ’, ‘শিরোনাম’।
এ ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ছবিটি ফ্লপ হলেও ‘রকস্টার’ নিয়ে আশাবাদী এর পরিচালক আজমান রুশো। এতে শাকিবকে দেখা যাবে একজন সংগীত তারকা হিসেবে। এতে তার বিপরীতে অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূর। প্রথমবারের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সংগীতশিল্পী পান্থ কানাই। আজমান রুশোর গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ছবিটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন।
সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ ছবিটি এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শুটিং শেষ করতে না পারায় শেষ পর্যন্ত আসেনি। জানা গেছে, গেল ডিসেম্বর থেকে এর শুটিং বন্ধ প্রযোজকের আর্থিক সংকেটের কারণে। পরিচালক নতুন প্রযোজক খুঁজছেন। যদিও সাইফ চন্দন জানিয়েছেন, ছবিটি নিয়ে কোনো সংকট নেই। তাদের ছবিটির অল্প কিছু শুটিং বাকি রয়েছে। খুব শিগগিরই তা শেষ করে ঈদেই মুক্তি দিবেন। অ্যাকশন ঘরানার এ ছবিটিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম প্রধান চরিত্রে অভিনয় করছেন।
কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মাসুদ রানা’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এতে গোয়েন্দা মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। অবনিতা চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।
‘বরবাদ’, ‘রাক্ষস’ নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের পরবর্তী ছবি ‘বিদায়’। আগের দুটির মত এটিও প্রযোজনা করেছে রিয়েল এনার্জী প্রডাকশন। ছবিটির ৮০ শতাংশের বেশি শুটিং শেষ হয়েছে। এখন চলছে বাকি অংশের শুটিং। এর প্রধান চরিত্রে দেখা যাবে বাপ্পারাজ, দিঘী, আজিম হারুন, সেন্টু, আলীরাজকে।
জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ গেল দুই বছর ধরে আসি আসি করেও আসছে না। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও বুবলী।
তন্ময় সূর্য উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। আর এতে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। তার বিপরীতে আছেন তাহমিনা অথৈ। ২ বছর পর ‘দুর্বার’ দিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালিত থ্রিলারধর্মী ছবিটিতে তার বিপরীতে আছেন সজল।
অ্যাকশনধর্মী ‘অফিসার’ও বছর তিনেক আগে নির্মিত। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটিতে আছেন ডি এ তায়েব ও মাহিয়া মাহি। একই পরিচালকের ‘তছনছ’-এ আছেন মুন্না খান ও ববি হক। ‘শিরোনাম’-এ আছেন নীরব ও ববি হক। পরিচালনা করেছেন অনিক বিশ্বাস।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ঈদে এতগুলো ছবি মুক্তি যদি সত্যি সত্যি দেওয়া হয় তাহলে তা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর হবে। কারণ আমাদের সবমিলিয়ে সিনেমা হলের সঙ্গে ১৫০ থেকে ১৬০টি। এরকম হলে অধিকাংশ ছবিই নাম মাত্র সিনেমা হলে মুক্তি দিতে হবে। তাতে করে প্রযোজকরা লগ্নি ফেরত পেতে কষ্ট হবে।’


