জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী তাফসিরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত নির্যাতনের অভিযোগে ক্যাম্পাসে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ও সহনশীল শিক্ষাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি করে। একটি আবাসিক ও প্রগতিশীল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম, সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বলে উল্লেখ করা হয়।
ছাত্র ইউনিয়ন তাদের দাবিতে অভিযুক্ত শিক্ষার্থীর একাডেমিক সনদ সাময়িকভাবে স্থগিত রাখা, নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্ত কমিটি গঠন, অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
সংগঠনটি দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।


