ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’ নামে একটি সংগঠন। এ সময় ইনকিলাব মঞ্চের চলমান অবরোধ কর্মসূচির প্রতি সমর্থনও জানায় সংগঠনটি।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের প্রতিনিধি ফাহিম ফারুকী।
সংগঠনের দাবিগুলো হলো: ওসমান হাদির হত্যাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে ২৫ দিনের মধ্যে বিচার শেষ করা; নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কার; গণমাধ্যমে সক্রিয় ‘দেশবিরোধী ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট পুনর্মূল্যায়ন ও বাতিল। এর সঙ্গে খুনিদের ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা।
অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে ফাহিম ফারুকী বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অন্তর্বর্তীকালীন সরকারের নমনীয় অবস্থান শহীদ আবু সাঈদ ও ওয়াসিম মুগ্ধের চেতনার পরিপন্থি।
তিনি বলেন, ‘যে সরকার আমাদের নিরাপত্তা দিতে পারেনি, সে সরকার যদি বিচারেও ব্যর্থ হয়, তাহলে তা হবে একটি ভয়ংকর বার্তা। এতে অপরাধী চক্র আরও বেপরোয়া হয়ে উঠবে।’
এ ছাড়া হাদি হত্যা ঘটনার প্রসঙ্গে টেনে তিনি অভিযোগ করে জানান, খুনি ফয়সাল পুরো ঘটনার একটি ছোট অংশ মাত্র। তাকে গ্রেপ্তার করা হলে পুরো চক্র উন্মোচিত হবে।
কিন্তু সরকার এখনো তাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে নিশ্চিত আশ্বাস দিতে পারেনি, যা সরকারের সীমাবদ্ধতা প্রকাশ করে বলে উল্লেখ করেন মঞ্চ ২৪ সংগঠনের প্রতিনিধি।
গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমে ভারতীয় প্রভাব বিদ্যমান মন্তব্য করে তিনি জানান, এখনো সামরিক গোয়েন্দা ও বিভিন্ন গণমাধ্যমে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী চক্র সক্রিয় রয়েছে, যা দেশের স্বাধীনতা ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি। এ সময় সম্ভাব্য কর্মসূচি হিসেবে রেমিট্যান্স বন্ধের কথাও জানান তিনি।
তিনি দাবি করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেরণা ছিলেন হাদি। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে তার ভূমিকার কারণেই তিনি দেশি-বিদেশি ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হন।


