৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা দ্রুত গেজেট প্রকাশ ও পদায়ন আদেশ জারির দাবি জানিয়েছেন।
তাদের অভিযোগ, দীর্ঘ বিলম্বের কারণে দেশে এরই মধ্যে সংকটাপন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়ছে।
সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রাথমিক চিকিৎসক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, গ্রাম ও তৃণমূল পর্যায়ে তীব্র চিকিৎসক সংকট মোকাবিলায় বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এ পরীক্ষার মাধ্যমে সাড়ে তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা ছিল। গত ১১ সেপ্টেম্বর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়।
তবে, এরপর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনো গেজেট প্রকাশ ও পদায়নের আদেশ দেওয়া হয়নি। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সরকারি স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রাথমিক চিকিৎসক ফোরামের নেতারা জানান, অনেক উপজেলায় একজন চিকিৎসককে দিনে শতাধিক রোগী দেখতে হচ্ছে। চিকিৎসক সংকটের কারণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে অথবা বাধ্য হয়ে জেলা সদর হাসপাতালের দিকে ছুটতে হচ্ছে।
বিশেষ বিসিএসের মাধ্যমে নির্বাচিত চিকিৎসকদের নিয়োগে বিলম্ব হওয়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এমনকি হাসপাতালগুলোর ওপর চাপ কমানোর উদ্যোগ ব্যর্থ হচ্ছে বলেও জানান তারা।
তারা অভিযোগ করে জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে। তবে, সরকারিভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা সংস্কারের কথা বলা হলেও এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি।
ফোরামের এক প্রতিনিধি বলেন, ‘আমরা তৃণমূল পর্যায়ে জনগণের সেবায় সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্বের কারণে কোটি কোটি মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি চাকরির অনিশ্চয়তায় অনেক চিকিৎসক বাসা ছেড়ে দিয়েছেন, আবার কেউ কেউ উচ্চতর ডিগ্রির পড়াশোনা স্থগিত রেখেছেন।’
অবিলম্বে গেজেট প্রকাশ ও পদায়নের আদেশ জারি করে সারা দেশে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা।


