ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে: নৌপ্রধান

ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে: নৌপ্রধান
কুতুবদিয়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে কথা বলছেন নৌবাহিনীর প্রধান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ‘সাধারণ মানুষ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

বুধবার উপকূলীয় এলাকা কুতুবদিয়া ও সন্দ্বীপে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের প্রস্তুতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান স্থানীয় অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও নিবিড় পর্যবেক্ষণ বজায় রাখতে হবে। যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা রোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

নৌবাহিনী প্রধান জানান, নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবার আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলা এবং তিনটি সিটি করপোরেশনে নির্বাচনী দায়িত্ব পালন করছে। বিশেষ করে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্ট মার্টিন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নৌবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর