সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সোমবার সকালে ঢাকা সেনানিবাসের হেলমেট অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে: জেনারেল এস এম কামরুল হাসান।
সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজন ও সংকটকালীন মুহূর্তে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অত্যন্ত ধৈর্য এবং পেশাদারিত্বের সাথে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করে সশস্ত্র বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে।
এ সময় তিনি দেশমাতৃকার সেবায় নিয়োজিত সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক ও শঙ্কামুক্ত করতে সশস্ত্র বাহিনীকে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সশস্ত্র বাহিনীকে পূর্ণ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। একইসাথে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সকল প্রতিষ্ঠানের সাথে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।
সভায় তিন বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।


