ভোলার দৌলতখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে নৌবাহিনীর একটি বিশেষ দল।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালুরহাট ও চরপাতা এলাকায় এ অভিযান চালায় নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট।
নৌবাহিনী জানায়, এ সময় মাদক ব্যবসায়ী মো. রাজিবের (২৮) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তবে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সে।
অভিযান শেষে রাজিবের বাড়ি থেকে ৪৩৫ পিস ইয়াবা, ১৬০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ কুড়াল, একটি চাকু এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা হয় দুটি ডিজিটাল ওজন মেশিন, দুটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিম কার্ড।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত সব মালামাল দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক আসামি রাজিবের বিরুদ্ধে এলাকায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে বলেও জানায় তারা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনায় নৌবাহিনী উপকূলীয় এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে তারা।
বর্তমানে আটটি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌসদস্য মোতায়েন রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


