নেত্রকোনার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় বলা হয়, ২০১১ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তানের জন্ম হয়। তবে সংসার জীবনের শুরু থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়ই কলহ লেগে থাকত।
এক পর্যায়ে অভিমান করে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান। পরে ২০২১ সালের ১৫ মে স্বামী রুক্কু মিয়া স্ত্রীকে ফিরিয়ে আনার আশায় শ্বশুরবাড়ি কৈলাটি গ্রামে যান। ওই দিন গভীর রাতে স্ত্রী রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা করেন।
এ ঘটনায় নিহত রুক্কু মিয়ার ছোট ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছে।
রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে জানিয়ে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সমাজে একটি শক্ত ও ইতিবাচক বার্তা যাবে।


