প্রায় পাঁচ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও চালু হয়েছে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা ‘জোবাইক’। প্রাথমিকভাবে ১০টি ইলেক্ট্রিক বাইক নিয়ে পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চাকসু ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে চালু হওয়া এ সেবা আগামী ৪০ দিন পরীক্ষামূলকভাবে পরিচালিত হবে। পরে শিক্ষার্থীদের সাড়া ও চাহিদা বিবেচনায় ক্যাম্পাসে ১০০টি প্যাডেল বাইসাইকেল ও ৫০টি ইলেক্ট্রিক বাইক যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জোবাইক কর্তৃপক্ষ।
প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসে সেবাটি চালু থাকবে। আপাতত জিরো পয়েন্ট, জীববিজ্ঞান অনুষদ, ২ নম্বর গেট ও চাকসু ভবনের সামনে চারটি পার্কিং পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
জোবাইক কর্তৃপক্ষ জানায়, ইলেক্ট্রিক বাইক ব্যবহারে প্রতি মিনিটে ১ টাকা ৫০ পয়সা এবং প্যাডেল বাইকের ক্ষেত্রে প্রতি মিনিটে ৮০ পয়সা ভাড়া দিতে হবে। এছাড়া প্রতিবার বাইক আনলক করতে প্রায় ১ টাকা ৫০ পয়সা খরচ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “জোবাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি দারুণ সংযোজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। তবে আগের মতো কোনো তিক্ত অভিজ্ঞতা নিয়ে যেন জোবাইককে ক্যাম্পাস ছাড়তে না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর আমরা আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরেছি। আগে শুধু প্যাডেল সাইকেল থাকলেও এবার ইলেক্ট্রিক বাইক সংযোজন করা হয়েছে। আগামী ৪০ দিন পর চাহিদা থাকলে আরও ১৫০টি বাইক যুক্ত করা হবে।”
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, “২০১৯ সালে প্রথমবারের মতো চবিতে জোবাইক চালু হয়েছিল। বিভিন্ন কারণে দীর্ঘদিন সেবাটি বন্ধ ছিল। শিক্ষার্থীদের দাবির পর আবারও এটি চালু করা হলো।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহ জহুর, জোবাইকের কর্মকর্তাসহ চাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জোবাইক ব্যবহার করতে স্মার্টফোনে নির্ধারিত অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর কিউআর কোড স্ক্যান করে বাইক আনলক করে ব্যবহার করা যায়। নির্ধারিত ভাড়া পরিশোধের মাধ্যমে শিক্ষার্থীরা এ সেবা নিতে পারবেন।


