মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টা ৬ মিনিটে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধের বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে, বিকাল সোয়া ৫টার দিকে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও আব্দুল মঈন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপিরচেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, ফজলে এলাহী আকবর এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পূর্ণ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে নির্ধারিত সময়ে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করা হয়।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকা সাজিয়ে রাখা হয়। পাশাপাশি সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়।
এর আগে, বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


