আগামী ২০২৬ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির নতুন বাংলা বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি আর থাকছে না। তবে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির ইতিহাস সংশ্লিষ্ট বইগুলোতে আগের মতোই ভাষণটি বা ভাষণের বিষয়বস্তু থাকবে।
রোববার ‘জাতীয় শিক্ষাক্রমবিষয়ক উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত হয়।
বৈঠকে উপস্থিত একজন সদস্য এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ইতিহাস সংশ্লিষ্ট বইগুলোতে ভাষণটি বা ভাষণের বিষয়বস্তু থাকবে। এটা ইতিহাসের বিষয়, কিন্তু বাংলা সাহিত্য কণিকা বইয়ের বিষয়বস্তুর সঙ্গে ভাষণটি অসামঞ্জস্যপূর্ণ। তাই বাংলা বইয়ে এটি আর থাকছে না।’
এর আগে, গত আগস্ট মাসে জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির সভায় ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়। তবে সেদিন অষ্টম শ্রেণির বাংলা বইতে ৭ মার্চের ভাষণ রাখার বিষয়ে বিতর্ক হয়। আগামী বছরের পাঠ্যপুস্তকে অনেকে এটি না রাখার প্রস্তাব দেন। আবার অনেকে এটি সংক্ষেপ করে রাখার পক্ষে মত দেন।
আওয়ামী লীগ সরকারের সময় ভাষণটি বাংলা বইয়ে যুক্ত করা হয়েছিল।


