জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে রোববার। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ।
চলতি শিক্ষাবর্ষে সাতটি ইউনিটে মোট ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি আবেদন জমা পড়েছে। সে হিসেবে গড়ে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ১১৯ জন শিক্ষার্থী।
শনিবার সন্ধ্যায় ভর্তি ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপ-রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের কালো বলপয়েন্ট কলম ব্যবহার করে ওএমআর উত্তরপত্র যথাযথভাবে পূরণ করতে হবে। ভুলভাবে পূরণ করা ওএমআর শিট বাতিল বলে গণ্য হবে। ওএমআর শিট ভাঁজ করা, ছেঁড়া, দাগ দেওয়া, স্ট্যাপল বা পিন লাগানো যাবে না।
পরীক্ষার্থীদের রোল নম্বর, শিফট এবং প্রশ্নপত্রের সেট কোড ইংরেজিতে লিখতে হবে এবং পরীক্ষা শেষে ওএমআর শিট ও প্রশ্নপত্র উভয়ই দায়িত্বরত পরিদর্শকের কাছে জমা দিতে হবে।
পরীক্ষা কেন্দ্র ও আসন সংক্রান্ত তথ্য ডাউনলোড করা প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ১০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষাকক্ষে ব্যাগ, বই, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ থাকবে।
সময় ব্যবস্থাপনার জন্য পরীক্ষাকক্ষে দেয়ালঘড়ির ব্যবস্থা থাকবে। পরীক্ষাকেন্দ্রে কেবল পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভর্তি পরীক্ষার সব ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org–এ প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষার দিন প্রবেশপত্রের পাশাপাশি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সঙ্গে আনতে হবে।
ঢাকার কেন্দ্র থেকে জাবি ক্যাম্পাসের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় সম্ভাব্য যানজট বিবেচনায় রেখে পরীক্ষার্থীদের আগেভাগে রওনা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


