আড়াই থেকে তিন বছরের সেশনজটে বিপর্যস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগে নিয়মিত একাডেমিক কার্যক্রম এখনও স্বাভাবিক হয়নি। পাঁচ বছরের স্নাতক ও এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি শেষ করতে শিক্ষার্থীদের সময় লাগছে আট বছর পর্যন্ত।
এমন পরিস্থিতিতে বিভাগটি নতুন করে সান্ধ্যকোর্স (উইকেন্ড প্রোগ্রাম) চালুর সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
বিভাগীয় সূত্র জানায়, বর্তমানে একই সঙ্গে ২০১৭-১৮ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট আটটি ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা চলছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের ফল এখনও প্রকাশিত হয়নি। ফলে শিক্ষার্থীদের বাড়ছে সেশনজটের চাপ।
পাঁচ বছরের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তর কোর্স থাকলেও এই বিভাগের নিয়মিত শিক্ষার্থীরা আট বছরেও পড়াশোনা শেষ করতে পারছেন না।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস–পরীক্ষা না হওয়া, পর্যাপ্ত ক্লাসরুম ও ল্যাব সুবিধার অভাবসহ বিভিন্ন কারণে তারা দীর্ঘমেয়াদি সেশনজটে পড়েছেন। এমন অবস্থায় নতুন সান্ধ্যকোর্স চালুর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী।
৪৮ ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন বলেন, ‘যেখানে বিভাগ নিয়মিত শিক্ষার্থীদের সেশনজটই দূর করতে পারছে না, সেখানে সান্ধ্যকোর্স চালুর কোনো যৌক্তিকতা নেই। এটি শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত।’
৪৭ ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক, ক্লাসরুম ও ল্যাব সংকট বিদ্যমান। এমন পরিস্থিতিতে উইকেন্ড প্রোগ্রাম চালু করা আরও অনুচিত।’
এ বিষয়ে জানতে চাইলে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোতাহার হোসেন চৌধুরী বলেন, ‘অনার্স কোর্স পাঁচ বছর হওয়ায় স্বাভাবিকভাবেই সময় কিছুটা বেশি লাগে। এছাড়া ভর্তি প্রক্রিয়ার দেরি, ল্যাব কার্যক্রম ও প্রশিক্ষণও সময় বাড়ায়। তবে অন্যান্য বিভাগের তুলনায় আমরা পিছিয়ে আছি, এমনটি বলা ঠিক হবে না।’
তিনি আরও জানান, সান্ধ্যকোর্স চালুর বিষয়টি বিভাগীয় সকলের সিদ্ধান্তে হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনানুযায়ীই এ প্রোগ্রাম চালু করা হচ্ছে।


